গাইবান্ধায় সেনা ও র্যাব পরিচয়ে প্রতারণা, সরঞ্জামসহ ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার

প্রকাশ :
সংশোধিত :

গাইবান্ধায় নিজেকে সেনাবাহিনী ও র্যাবের সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আল-আমিন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ধানঘড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আল-আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেলবাড়ি এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানিয়েছে, আল-আমিন সিএনজিতে যাতায়াতের সময় এক চালককে জানান যে তিনি সেনাবাহিনীর সদস্য এবং বর্তমানে গাইবান্ধা র্যাব ক্যাম্পে কর্মরত। সরল বিশ্বাসে ওই চালক তার বেদখল হওয়া জমি উদ্ধারের জন্য আল-আমিনের সহায়তা চান। পরবর্তীতে আল-আমিন কৌশলে গাইবান্ধা বাসস্ট্যান্ড এলাকায় চালকের কাছ থেকে ১৪ হাজার টাকা হাতিয়ে নেন এবং মোবাইল ফোন বন্ধ করে গা ঢাকা দেন।
সিএনজিচালক পরে গাইবান্ধা র্যাব ক্যাম্পে খোঁজ নিয়ে জানতে পারেন, এই নামে সেখানে কেউ কর্মরত নেই। এরপর তিনি বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় প্রতারণা মামলা দায়ের করেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আল-আমিনকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত সেনাবাহিনীর জুতা, ব্যাগ, হ্যান্ডকাফ, ভুয়া আইডি কার্ড, অফিসিয়াল সিল, মোবাইল পাস, নেমপ্লেট, সেনাবাহিনী লেখা স্টিকার এবং বিভিন্ন ভুয়া নথিপত্র ও একাধিক সিমকার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমিন স্বীকার করেছেন, তিনি মোবাইল ফোনে নিজের নম্বরগুলো ‘কর্নেল’, ‘লে. কর্নেল’ বা ‘ব্রিগেডিয়ার জেনারেল’ নামে সেভ করে রাখতেন। এসব পদবী ও সেনাবাহিনীর সরঞ্জাম দেখিয়ে মানুষের বিশ্বাস অর্জন করতেন এবং সমস্যা সমাধানের নামে টাকা নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন।
আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.